ডামুড্যা নার্সিং কলেজ পরিদর্শনে হুইপ অপু, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস
সূত্রঃ সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যা নার্সিং কলেজের সার্বিক পরিবেশ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
পরিদর্শনকালে তিনি কলেজের বিভিন্ন কক্ষ ও ক্যাম্পাস ঘুরে দেখেন। পরে অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন।
এ সময় শিক্ষার্থীরা আবাসন সংকট, ল্যাব সুবিধার ঘাটতি, শ্রেণিকক্ষের স্বল্পতা এবং ক্যাম্পাসের বিভিন্ন সমস্যার কথা হুইপের কাছে তুলে ধরেন। তারা জানান, দীর্ঘদিন ধরে এসব সমস্যার কারণে নিয়মিত পাঠদান ও চিকিৎসাসেবা-সংক্রান্ত বাস্তব প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীদের কথা শুনে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, “মানসম্মত নার্সিং শিক্ষা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত নিরসনের ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪








