জাবিতে রোকেয়া হল সংসদ কর্তৃক উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পিএম
জাবিতে রোকেয়া হল সংসদ কর্তৃক উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

সূত্রঃ সংগৃহীত

জাবি প্রতিনিধি 


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রোকেয়া হলে নারী শিক্ষার্থীদের স্বাবলম্বী করা ও তাদের সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতে রোকেয়া হল সংসদের উদ্যোগে উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। 


আয়োজিত এই মেলা শনিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে। দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো হল প্রাঙ্গণে এক উৎসবমুখর আবহ সৃষ্টি হয়।


মেলায় শিক্ষার্থীদের হস্তশিল্প, পোশাক ও খাবারের মোট ৪২টি বাহারি স্টল স্থান পায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাতে বোনা নকশাদার পোশাক, নিজস্ব হাতে তৈরি নান্দনিক জুয়েলারি, বৈচিত্র্যময় ব্যাগ এবং ১০ থেকে ১২টি সুস্বাদু খাবারের স্টলে দর্শনার্থীদের ভিড় ছিল সবচেয়ে বেশি। তরুণ নারী উদ্যোক্তারা তাদের নিজস্ব মেধা ও শ্রম দিয়ে তৈরি পণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করেন।


হল সংসদের কমনরুম সম্পাদক ফারিহা তাবাসসুম মাওয়া বলেন, "হলের নিচের তলায় মেয়েদের তৈরি খাবার বিক্রির আগ্রহ দেখেই মূলত নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম দেওয়ার এই ধারণা তৈরি হয়। মেলার সুশৃঙ্খল পরিবেশ এবং শিক্ষার্থীদের এই দারুণ সাড়া আমাদের ভীষণ অনুপ্রাণিত করেছে।"


হল সংসদের সহ-সভাপতি (ভিপি) তাসনিম খন্দকার জানান, "শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারেন এবং উদ্যোক্তা হিসেবে অনুপ্রেরণা পান, সেই লক্ষ্য থেকেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার অভাবনীয় সাড়া ও সফলতায় ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।"


'শিক্ষার্থীদের কাছে থেকে বেশ ভালো রেসপন্স পেয়েছি। আমাদের চিন্তা আছে ভবিষ্যতে এমন আরো অনেক উদ্যোগ গ্রহণ করার।  শিক্ষার্থীরা চাইলে হয়তো আমরা মাসে বা ২ মাসে এমন ১ টি মেলার আয়োজন রাখার চিন্তা করবো। আসন্ন শীত কালকে কেন্দ্র করে আমাদের একটি পিঠা উৎসবও করার পরিকল্পনার' কথাও ব্যক্ত করেন তাসনিম।



এমকে/বিএম২৪