জাজিরায় ড. মোসলেমউদ্দিন খান কলেজে ৩২ পরীক্ষার্থীর ২৮ জনই ফেল, পাস মাত্র ৪

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম
জাজিরায় ড. মোসলেমউদ্দিন খান কলেজে ৩২ পরীক্ষার্থীর ২৮ জনই ফেল, পাস মাত্র ৪

সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে শরীয়তপুরের জাজিরা উপজেলার ড. মোসলেমউদ্দিন খান কলেজে বিপর্যয় দেখা দিয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৪ জন। অকৃতকার্য হয়েছে ২৮ জন।


ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, কলেজটিতে এ বছর মোট ৩৩ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে ৩২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং একজন অনুপস্থিত ছিল। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে মাত্র ৪ জন উত্তীর্ণ হয়েছে। সে হিসাবে প্রতিষ্ঠানটির পাসের হার ১২ দশমিক ৫০ শতাংশ।


ফলাফলে দেখা যায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি। পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় কলেজটির সার্বিক শিক্ষার মান ও ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে।


সংশ্লিষ্টদের মতে, শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি জোরদারে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আগামীতে এ ধরনের ফলাফলের পুনরাবৃত্তি রোধে কলেজের শিক্ষা কার্যক্রমে আরও নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।


এমকে/বিএম২৪