চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিতর্ক, ৫ নেতার বিরুদ্ধে বিবাহিত হওয়ার অভিযোগ
ছবি: বিডি মেইল
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আংশিক কমিটিতে পদ পাওয়া সভাপতি জুয়েল মাহমুদসহ পাঁচ নেতার বিরুদ্ধে বিবাহিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া কমিটির একাধিক নেতার সন্তান রয়েছে বলেও অভিযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে জুয়েল মাহমুদকে সভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. সাইফুল ইসলাম। সহসভাপতি হিসেবে রয়েছেন মো. সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মো. জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আমান উল্লাহ আমানকে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আরাফাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক হয়েছেন মো. রাশিদুল ইসলাম।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী জানান, নতুন কমিটির সভাপতি জুয়েল মাহমুদসহ পাঁচ নেতা বিবাহিত এবং তাঁদের সন্তান রয়েছে। তাঁদের দাবি, সভাপতি জুয়েল মাহমুদের আট বছর বয়সী একটি সন্তান রয়েছে। কমিটির সহসভাপতি সাইমুজ্জামান মিশা বিবাহিত এবং এক সন্তানের জনক। যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানও বিবাহিত। সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন বিবাহিত এবং এক সন্তানের জনক। প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটিতে কেউ বিবাহিত রয়েছেন বলে তাঁর জানা নেই। তবে কমিটির কেউ বিবাহিত হলে কিংবা কারও সন্তান থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। সে সময় তৎকালীন সভাপতি শাহাজান খানের ছেলের এইচএসসি পাসের খবর ছড়িয়ে পড়ার পর কমিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন মোমিন মালিতা।
এমকে/বিএম২৪








