বাংলাদেশি রোগীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দিতে থাইল্যান্ডকে অনুরোধ
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
থাইল্যান্ডে বারবার চিকিৎসার প্রয়োজন হয় এমন বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ অনুরোধের পর প্রয়োজন রয়েছে এমন রোগীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস দিয়েছে থাইল্যান্ড।
রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ অনুরোধ জানান প্রতিমন্ত্রী।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ ও থাইল্যান্ডের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে হুমায়ুন কবির দুই দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে থাইল্যান্ডের রাষ্ট্রদূত বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়া রোগীদের ভিসা প্রদানে দেশটির সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি নিয়মিত চিকিৎসার প্রয়োজনে যেসব রোগীকে একাধিকবার থাইল্যান্ডে যেতে হয়, তাঁদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার অনুরোধ জানান তিনি।
জবাবে থাই রাষ্ট্রদূত প্রয়োজন রয়েছে এমন রোগীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন।
এ ছাড়া আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ মর্যাদা পেতে বাংলাদেশের আবেদন এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগদানের আকাঙ্ক্ষায় থাইল্যান্ডের অব্যাহত সমর্থনের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।
সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতা কামনা করেন তিনি।
জবাবে রাষ্ট্রদূত এসব বিষয়ে থাইল্যান্ডের পক্ষ থেকে সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।








