বিদেশের ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ টাকা
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
বিদেশে অবস্থিত বাংলাদেশের ৮৪টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষাভাতা বাড়িয়ে পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মিশনগুলোকে চারটি গ্রুপে ভাগ করে সর্বনিম্ন ২০ হাজার ৫০০ মার্কিন ডলার থেকে সর্বোচ্চ ৩৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত শিক্ষাভাতার সীমা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত দুই সন্তানের জন্য সর্বোচ্চ ৩৮ হাজার ডলার বা প্রায় ৪৭ লাখ ৩৪ হাজার টাকা শিক্ষাভাতা পাওয়া যাবে।
গত ১৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-২ শাখার উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি বছরের ২০ এপ্রিলের একটি চিঠির পরিপ্রেক্ষিতে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মিশনগুলোর অবস্থান ও শিক্ষা ব্যয়ের পার্থক্য বিবেচনায় নিয়ে চারটি গ্রুপে শিক্ষাভাতার সীমা নির্ধারণ করা হয়েছে। এ-লেভেল এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের জন্য রয়েছে পৃথক হিসাব।
গ্রুপভিত্তিক শিক্ষাভাতার পরিমাণ
গ্রুপ ‘ক’-এর ১৫টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সবচেয়ে বেশি শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে। এ-লেভেল পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার দেওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য ২৫ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য সর্বোচ্চ ৩৮ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
এই গ্রুপে রয়েছে বেইজিং, সিউল, টোকিও, হংকং, জাকার্তা, দোহা, ব্রাসেলস, জেনেভা, হেগ, স্টকহোম, ওয়ারশ, ভিয়েনা, মিলান, প্যারিস ও মস্কোর বাংলাদেশ মিশন।
গ্রুপ ‘খ’-এর ৪১টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক—উভয় পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে।
এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, নিউজিল্যান্ডের ওয়েলিংটন, থাইল্যান্ডের ব্যাংকক, মালয়েশিয়ার কুয়ালালামপুর, ভারতের মুম্বাই ও নয়াদিল্লি, পাকিস্তানের করাচি ও ইসলামাবাদ, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন দেশের বাংলাদেশ মিশন।
গ্রুপ ‘গ’-এর ১৯টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার শিক্ষাভাতা দেওয়া হবে।
এই গ্রুপে রয়েছে সিঙ্গাপুর, হ্যানয়, ম্যানিলা, বন্দরসেরি বেগাওয়ান, চেন্নাই, মালে, বৈরুত, মানামা, কায়রো, তেহরান, নাইরোবি, প্রিটোরিয়া, আলজিয়ার্স, ত্রিপোলি, ফ্রিটাউন, এথেন্স, কোপেনহেগেন, বার্লিন ও লিসবনের বাংলাদেশ মিশন।
অন্যদিকে, গ্রুপ ‘ঘ’-এর নয়টি মিশনে শিক্ষাভাতার সীমা তুলনামূলক কম নির্ধারণ করা হয়েছে। এ-লেভেল পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২০ হাজার ৫০০ ডলার এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে একজন সন্তানের জন্য ২১ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
এই গ্রুপে রয়েছে চীনের কুনমিং, শ্রীলঙ্কার কলম্বো, ভারতের কলকাতা, গৌহাটি ও আগরতলা, উজবেকিস্তানের তাসখন্দ, ওমানের মাস্কাট, মরক্কোর রাবাত এবং মরিশাসের পোর্ট লুইসের বাংলাদেশ মিশন।
শিক্ষাভাতা ব্যবহারে যেসব শর্ত
শিক্ষাভাতার অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কয়েকটি শর্ত দিয়েছে অর্থ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী, সন্তানের পড়াশোনার প্রকৃত ব্যয়ের ১৫ শতাংশ সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে। বাকি ৮৫ শতাংশ সরকার নির্ধারিত সীমার মধ্যে শিক্ষাভাতা হিসেবে দেবে।
একই সময়ে সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা পাওয়া যাবে। দুইয়ের বেশি সন্তান থাকলেও একসঙ্গে সর্বোচ্চ দুই সন্তানের শিক্ষার জন্য ভাতা প্রযোজ্য হবে।
শিক্ষাভাতার অর্থ কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে দেওয়া যাবে না। ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অন্য কোনো ডিজিটাল পদ্ধতিতে সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অর্থ পাঠাতে হবে।
তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সম্পূর্ণ ফি একসঙ্গে পরিশোধের বাধ্যবাধকতা থাকলে প্রয়োজনীয় প্রমাণপত্র দাখিল এবং ব্যক্তিগত ১৫ শতাংশ অংশ জমা দেওয়ার শর্তে মিশন কর্তৃপক্ষ সম্পূর্ণ ফি পরিশোধ করতে পারবে।
এ ছাড়া যেসব অ-ইংরেজিভাষী দেশে মাধ্যমিক বা উচ্চশিক্ষা পর্যায়ে ইংরেজিতে পড়াশোনার পর্যাপ্ত সুযোগ নেই, সেসব দেশে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অন্য কোনো ইংরেজিভাষী দেশে সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করলে তাঁদের কর্মস্থলের বাংলাদেশ মিশনের অনুমোদিত সীমা অনুযায়ী শিক্ষাভাতা দেওয়া হবে।









