গাড়ি থামিয়ে পানিতে ডোবা শিশুকে নিয়ে হাসপাতালে হুইপ দুলু, অতঃপর...
ছবি: সংগৃহীত
নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে নিথর হয়ে পড়া তিন বছরের শিশু সাদিপকে বাঁচাতে নিজের গাড়িবহর থামিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে নলডাঙ্গা উপজেলার শাখারীপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাদিপ ওই এলাকার বকুল হোসেনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের বাড়ি রামশার কাজিপুর থেকে ফিরছিলেন হুইপ দুলু। পথে শাখারীপাড়া এলাকায় মানুষের ভিড় ও স্বজনদের আহাজারি দেখে তিনি গাড়িবহর থামান। পরে সেখানে গিয়ে পানিতে ডুবে নিথর হয়ে পড়া শিশুটিকে দেখতে পান। দেরি না করে শিশুটিকে উদ্ধার করে সঙ্গে থাকা পুলিশের গাড়িতে তুলে দ্রুত নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি।
হুইপ দুলু জানান, শিশুটিকে জীবিত মনে হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। পুলিশের গাড়িতে করে ১০ মিনিটেরও কম সময়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়। তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো যায়নি। এ ঘটনায় শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
শিশুটির চাচা জানান, হুইপ দুলু গ্রামের বাড়ি থেকে ফেরার পথে তাদের বাড়ির সামনে গাড়ি থামিয়ে ভাতিজাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে আনার পরপরই শিশুটিকে চিকিৎসাসেবা দেওয়া হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।








