দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেছেন, দলটির বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের মামলা আগে না হওয়ায় তদন্ত শেষ করতে কিছুটা সময় লাগবে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সারা দেশে চলমান সহিংসতা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ার তদন্তের অগ্রগতি নিয়ে গাজী এমএইচ তামিম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অনুসন্ধান ও তদন্ত করছে। এ তদন্ত দেশব্যাপী পরিচালিত হবে। ফলে তদন্ত শেষ হতে কিছুটা সময় লাগতে পারে।
প্রসিকিউটর তামিম বলেন, এরই মধ্যে ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগের কয়েকজনের বিচারের জন্য অভিযোগ গঠন করা হয়েছিল। সেখানে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না, সে বিষয়েও বিচার হয়েছে। ট্রাইব্যুনাল আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে বলে তাঁরা মনে করেন।
তিনি আরও বলেন, দেশব্যাপী বর্তমানে যেসব কার্যক্রম দেখা যাচ্ছে, তার প্রতিফলন ওই রায়ে রয়েছে।
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা ওই রায়ের ভিত্তিতে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
তিনি জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি অভিযোগ গঠন করা হয়েছিল। সেই অভিযোগ প্রমাণিত হয়েছে এবং এ মামলায় আসামিরা সাজা পেয়েছেন।
আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্ত শেষ হতে কত দিন লাগতে পারে, জানতে চাইলে গাজী এমএইচ তামিম বলেন, তদন্তের সময়সীমা সম্পর্কে এখনই নির্দিষ্ট করে কিছু বলা কঠিন।








