গাজীপুরে শ্রমিক আন্দোলনে জিএমপির সরকারি গাড়িতে আগুন, প্রধান আসামি গ্রেপ্তার
সংগৃহীত
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে উপ-পুলিশ কমিশনারের ব্যবহৃত সরকারি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় প্রধান আসামি মো. রফিকুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জিএমপি সূত্রে জানা যায়, সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় রফিকুল ইসলামকে শনাক্ত করা হয়। পরে উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় গাছা থানার এসআই মো. সাখাওয়াত হোসেন ও এসআই মো. সাইফুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সকাল পৌনে ১০টার দিকে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলাকালে গাজীপুরের হারিকেন রোডের মাথায় কর্তব্যরত উপ-পুলিশ কমিশনারের (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) ব্যবহৃত জিএমপির সরকারি গাড়িতে আগুন দেওয়া হয়।
এ ঘটনায় গাছা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫(ডি) ধারায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তার রফিকুল ইসলামের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা থানার আলুশিয়া পাড়ায়। তাঁর বাবার নাম মো. ফজলুল হক এবং মায়ের নাম মোছা. সাদেকা বেগম। তিনি গাজীপুরের সাইনবোর্ড মেম্বার বাড়ি রোডের শামসুদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিএমপির অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এমকে/বিএম২৪








