চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফেরালেন এমপি রাসেল
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের এক অসহায় বাবার জীবিকার একমাত্র অবলম্বন পাখি ভ্যান চুরি হওয়ার পর তাঁর পাশে দাঁড়িয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তাঁর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ওই পরিবারের হাতে একটি নতুন পাখি ভ্যান তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংসদ সদস্য ও আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন ভ্যানটি হস্তান্তর করা হয়। এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার উপস্থিত ছিলেন।
সম্প্রতি গণমাধ্যমে ওই অসহায় বাবার জীবিকার একমাত্র অবলম্বন পাখি ভ্যানটি চুরির খবর প্রকাশিত হলে বিষয়টি সংসদ সদস্যের নজরে আসে। পরে পরিবারটির দুর্দশা বিবেচনায় নিয়ে তাঁদের হাতে নতুন ভ্যান তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
নতুন ভ্যানটি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রতিবন্ধী সন্তানের বাবা। ভ্যানটি ফিরে পাওয়ায় তাঁর পরিবারের জীবিকা নির্বাহের পথ আবারও সচল হওয়ার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে পরিবারটি নতুন করে স্বাবলম্বী হওয়ার আশাও দেখছে।
সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। চুয়াডাঙ্গার অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









