চবির স্কোয়াশ কোর্ট সংস্কারে ইস্পাহানি টি লিমিটেডের আর্থিক সহায়তা
সূত্রঃ সংগৃহীত
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্কোয়াশ কোর্ট সংস্কারে আর্থিক সহায়তা দিয়েছে ইস্পাহানি টি লিমিটেড। এ উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানের কাছে স্কোয়াশ কোর্ট সংস্কারের জন্য আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন ইস্পাহানি টি লিমিটেডের প্রতিনিধিরা।
এ সময় উপাচার্য ইস্পাহানি টি লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রম, স্কোয়াশ কোর্ট সংস্কারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হাবিবুর রহমান জালাল, ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ম্যানেজার তাসবির হাকিম, সেলস ম্যানেজার মো. নূর নবী, চবি এমবিএ শিক্ষার্থী ফজলে আহমেদ ওয়ালী এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয় স্কোয়াশ খেলোয়াড় ও বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সদস্য মো. রাফিউজ্জামান চৌধুরী রাফি।
এমকে/বিএম২৪









