ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে। এর মধ্যে আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরের প্রথম ২৬ দিনে ১২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।
বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৯৪ জনে।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭৫৫ জন। এ পর্যন্ত মোট ৬৮ হাজার ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৬৬৪ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৪৫, খুলনায় ৩২৯, বরিশালে ২২৭, রাজশাহীতে ১৭৬, ময়মনসিংহে ১৩২ এবং রংপুর বিভাগে ৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।








