জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে, বললেন জ্বালানি মন্ত্রী

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম
জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে, বললেন জ্বালানি মন্ত্রী

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় জ্বালানি সংগ্রহে সাময়িক জটিলতা তৈরি হয়েছিল। জ্বালানি কেনার পরও তা দেশে আনা সম্ভব না হওয়ায় সরবরাহে বিলম্ব হয়। এর মধ্যে ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ)তে আগুন লাগার ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এসব দুর্যোগ ও জটিলতা কাটিয়ে বর্তমানে জ্বালানি সরবরাহের লাইন স্বাভাবিক হয়েছে। দেশে জ্বালানি সঠিকভাবে আসছে এবং সরবরাহের শিডিউলও ঠিক করা হয়েছে।

তিনি বলেন, এ ধরনের সাময়িক সংকট বিশ্বের বিভিন্ন জায়গাতেও তৈরি হয়েছে। বিকল্প উৎস খুঁজে পেতে সময় লেগেছে। জনগণের ভোগান্তি কমাতে সরকার বিকল্প উৎস থেকে বেশি দাম দিয়েও গ্যাস সংগ্রহ করেছে।

মন্ত্রী আরও বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছিল। কিন্তু জ্বালানি সরবরাহের ঘাটতি ও দুর্ঘটনার কারণে পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লেগেছে। সরকার ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেনি।

ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী নিজে বিষয়টিতে উদ্যোগ নেওয়ায় দ্রুত সমাধান সম্ভব হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী।

জনগণ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।


এমকে/বিএম২৪