‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কোনো ক্ষতিপূরণ চান না বলে জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তবে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তাঁকে উদ্দেশ্য করে সালমান বলেছেন, ‘কিছু করে দেখান।’
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন সালমান মুক্তাদির। তিনি বলেন, নিজের ক্ষতি নিজেই কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
সালমানের দাবি, স্টুডিওতে হামলার পর তিনি মামলা করতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় যান এবং রাত ৪টা পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু তখন মামলা নেওয়া হয়নি। পরে রোববার সকাল সাড়ে ৮টায় মামলা হয়েছে বলে জানান ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে সালমান বলেন, মামলা না হওয়ার বিষয়টি নিয়ে মন্ত্রীর ব্রিফিংয়ের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সঠিক তথ্য নেওয়া উচিত ছিল।
তিনি প্রশ্ন তোলেন, থানায় দীর্ঘ সময় অপেক্ষা করার পরও কেন মামলা নেওয়া হয়নি এবং পরে মামলা হওয়ার তথ্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কেন পৌঁছায়নি।
সালমান মুক্তাদির বলেন, তাঁর স্টুডিওতে হামলার ঘটনায় তিনি ক্ষতিপূরণ চান না। তাঁর ভাষায়, নিজের ক্ষতি কাটিয়ে ওঠার সক্ষমতা তাঁর রয়েছে। তবে দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘কিছু একটা করে দেখান।’ পাশাপাশি তাঁকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানান সালমান।
স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপির বিরুদ্ধে তাঁর করা অভিযোগকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঢালাও ও বিতর্কিত’ হিসেবে উল্লেখ করেছেন বলেও জানান সালমান। এ বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।
সালমানের দাবি, ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে এবং তাদের বক্তব্যে বিএনপির নাম এসেছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি রয়েছে।
তিনি বলেন, তাঁর মূল উদ্বেগ নিরাপত্তা নিয়ে। তদন্তের পাশাপাশি হামলার ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সালমান মুক্তাদির বলেন, তাঁর স্টুডিও পুনর্নির্মাণ বা ব্যক্তিগত ক্ষতিপূরণের প্রয়োজন নেই। তাঁর বক্তব্য, সরকার যদি সত্যিই কিছু করতে চায়, তাহলে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।









