গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম
গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সূত্রঃ সংগৃহীত

খাগড়াছড়ি প্রতিনিধি


খাগড়াছড়ির গুইমারায় রামসু বাজারের সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।


বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সকালে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।


কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দোকানঘর নির্মাণে সহায়তা, চলাচলের সুবিধার্থে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।


এ ছাড়া এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।


সভায় প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ের সব জনগোষ্ঠীকে মূলধারায় না আনা পর্যন্ত এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন সম্ভব নয়।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সল, লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খানসহ সামরিক ও বেসামরিক পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এমকে/বিএম২৪