কর্মমুখী শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
ছবি: বিডি মেইল
নিজস্ব প্রতিবেদক
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বৈশ্বিক র্যাংকিংয়ে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেম।
প্রতিনিধিদলে আরও ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ ও রেহানা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তাঁরা জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০টি বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এনএসইউ যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় ও উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছে। বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতক সম্পন্ন করা প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
এ সময় প্রতিনিধিদল পূর্বাচলে এনএসইউর নতুন ক্যাম্পাসের উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রায় ৪০০ বিঘা জমির ওপর নির্মিত এ ক্যাম্পাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তাঁরা।
প্রতিনিধিদল জানায়, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে এবং শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে। যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মোপযোগী নয়, তা থেকে ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকালে এনএসইউর আসন্ন ২৭তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান প্রতিনিধিদল। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।









