গাজীপুরে স্বাস্থ্যকেন্দ্রে তালা, দেয়াল টপকে ঢুকলেন এমপি
সূত্রঃ বিডি মেইল
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
আকস্মিক পরিদর্শনে গিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র তালাবদ্ধ পেয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। পরে কাউকে না পেয়ে এক পাশের দেয়াল টপকে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্যকেন্দ্রটিতে যান সংসদ সদস্য। প্রধান ফটকসহ বিভিন্ন অংশে তালা ঝুলতে দেখে তিনি কিছুক্ষণ অপেক্ষা করেন। পরে কাউকে না পেয়ে দেয়াল টপকে কাঁটাতারের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করেন।
এ সময় কোনো চিকিৎসক বা মেডিক্যাল অফিসারকে পাওয়া যায়নি বলে জানান এমপি। তবে কয়েকজন স্বাস্থ্যকর্মীকে ভেতরে বসে গল্প-আড্ডা করতে দেখা গেছে বলে তিনি দাবি করেন।
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, প্রধান ফটকের তালায় মরিচা পড়ে গেছে। এতে তাঁর মনে হয়েছে, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রটি কার্যত বন্ধ রয়েছে। প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার কথা থাকলেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী না থাকায় স্থানীয়রা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রধান ফটকের চাবি দায়িত্বশীল ব্যক্তির কাছে না থাকার বিষয়ে ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং ইনস্পেক্টর হাসান আল মামুন বলেন, ভুলবশত চাবিটি তিনি বাড়িতে রেখে এসেছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আপেল মাহমুদ জানান, স্বাস্থ্যকেন্দ্রটিতে পাঁচটি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কোনো জনবল নেই। কয়েকজন মাঠকর্মী মাঠে যাওয়ার আগে সেখানে মিটিং করেন। এমপি আকস্মিকভাবে পরিদর্শনে যাওয়ার সময় ওই পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানান তিনি।
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।









