গাজীপুরে যানজট ও শব্দদূষণ কমাতে ১৫ সপ্তাহের পরিকল্পনা, চালু হচ্ছে অটোরিকশার ই-নিবন্ধন
সংগৃহীত
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
যানজট, শব্দদূষণ ও অপরিকল্পিত যানবাহন চলাচল নিয়ন্ত্রণে গাজীপুর মহানগরজুড়ে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী ১৫ সপ্তাহের জন্য সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ ও চলাচল ব্যবস্থাপনায় শিগগিরই চালু হচ্ছে ই-নিবন্ধন কার্যক্রম।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
কর্মপরিকল্পনার প্রথম পর্যায়ে সরকারি মহিলা কলেজ থেকে জুলাই চত্বর পর্যন্ত এলাকাকে যানজট ও শব্দদূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে মহানগরের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
সভায় জানানো হয়, গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত যানবাহনের চাপ এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার জনদুর্ভোগ বাড়াচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় অটোরিকশা চলাচলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি ই-নিবন্ধন চালু করা হবে। নতুন নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি অটোরিকশার নিবন্ধন নিতে পারবেন।
যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্কাউট, বিএনসিসি, সিনিয়র সিটিজেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া সরকারি যানবাহনে প্রথমে ‘জিরো হর্ন প্রোটোকল’ কার্যকর করা হবে। পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসংলগ্ন এলাকাকে সাইলেন্ট জোন ঘোষণা করে সেখানে হর্ন বাজানো বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিল্পকারখানার যানবাহনেও অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধে নির্দেশনা দেওয়া হবে।
মোটরসাইকেল চালকদের জন্য ‘স্মার্ট রাইডার’ ক্যাম্পেইন এবং সিএনজি ও অটোরিকশাচালকদের সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, সাইলেন্ট জোনে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সভায় গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম. রকিবুল হাসান, সহকারী কমিশনার মো. আরিফ হোসাঈন, মোটরযান পরিদর্শক মো. মহিউদ্দিনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, গাজীপুরকে পর্যায়ক্রমে হর্নমুক্ত, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে সমন্বিতভাবে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এমকে/বিএম২৪









