গাজীপুরে চাপাতি-চাকুসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
সংগৃহীত
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) জিএমপির গোয়েন্দা উত্তর বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার (১৬ অক্টোবর) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানার শিববাড়ি মোড়ে মনির হোসেনের মুসলিম সুইটসের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জিএমপির গোয়েন্দা উত্তর বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার মো. মানিক মিয়া (৩১) ও সরিষাবাড়ী উপজেলার রুবেল মিয়া (২৯)।
পুলিশের তথ্য অনুযায়ী, মানিক মিয়ার বিরুদ্ধে দস্যুতার দুটি, ডাকাতির প্রস্তুতির একটি ও চুরির তিনটি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দুটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।
অন্যদিকে, রুবেল মিয়ার বিরুদ্ধে চুরির তিনটি, মাদকের একটি এবং অন্যান্য ধারায় দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জিএমপি জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গাজীপুর সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
এমকে/বিএম২৪









