গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাস সংকট কাটছে, বাড়ছে সরবরাহ
সূত্রঃ বিডি মেইল
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের চাপ ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা কমে শিল্পকারখানাগুলোতে স্বস্তি ফিরতে শুরু করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও গ্যাস-বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র পরিদর্শন করে এমন পরিস্থিতি দেখা গেছে।
সরেজমিন পরিস্থিতি দেখতে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া স্প্যারো ফ্যাশন, ডিবিএল গার্মেন্টস, পল্লী বিদ্যুতের জয়দেবপুর গ্রিড এবং তিতাস গ্যাসের আঞ্চলিক বিপণন কেন্দ্র পরিদর্শন করেন।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গাজীপুরের শিল্পকারখানাগুলোতে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে আগে প্রায় ২৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও বর্তমানে তা বেড়ে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। ফলে শিল্পকারখানাগুলোতে গ্যাসের চাপ আগের তুলনায় বেড়েছে।
সম্প্রতি গ্যাসের চাপ কমে যাওয়া ও বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়।
জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে জেলা প্রশাসন কার্যক্রম চালিয়ে যাবে।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গ্যাসের চাপ, বিদ্যুৎ সরবরাহ ও লোডশেডিং পরিস্থিতি নিয়ে কথা বলেন। পাশাপাশি পল্লী বিদ্যুৎ ও তিতাস গ্যাসের কর্মকর্তাদের কাছ থেকেও সরবরাহ পরিস্থিতির বিস্তারিত তথ্য নেন।
গাজীপুরে তৈরি পোশাক, ডায়িং, স্পিনিং ও টেক্সটাইলসহ বিভিন্ন খাতের বিপুলসংখ্যক শিল্পকারখানা রয়েছে। শিল্পমালিকরা চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
তাদের মতে, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলে উৎপাদন বাড়ার পাশাপাশি উৎপাদন ব্যয় ও শিল্পের ক্ষতি কমবে।
শিল্পখাতে নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার কথা জানিয়েছে গাজীপুর জেলা প্রশাসন।









