খাগড়াছড়িতে পূজামণ্ডপ পরিদর্শন ও এসআরবি-৭-এর টহল জোরদার
সংগৃহীত
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি
পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে খাগড়াছড়িতে টহল ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি বিশেষ চেকপোস্ট ও নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পের সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান।
তিনি বলেন, পাহাড়ের শান্তি-সম্প্রীতি ও সব জাতিগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনে এসআরবি পাশে রয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসআরবি-৭।
স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান আরও বলেন, পূজার আনন্দ বিঘ্নিত করতে কোনো গোষ্ঠী বা দুষ্কৃতকারী অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপন নিশ্চিত করতে খাগড়াছড়ি শহরের বিভিন্ন মন্দিরে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের উসকানি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পের গোয়েন্দা নজরদারি ২৪ ঘণ্টা চালু থাকবে। এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হয়েছে।
কোনো সন্দেহজনক ঘটনা চোখে পড়লে বা জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণকক্ষ কিংবা নিকটস্থ টহল দলকে অবহিত করার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দায়িত্বাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্প বিশেষ চেকপোস্ট স্থাপন ও রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রেখেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করতে সাদা পোশাকের সদস্যরাও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।উল্লেখ্য, ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এসআরবি-৭-এর কর্মকর্তারা। উৎসবকে কেন্দ্র করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
এমকে/বিএম২৪









