কুড়িগ্রামে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পিএম
কুড়িগ্রামে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ছবি: বিডি মেইল

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি 


কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও চরিত্রহননের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।


রোববার (১৮ অক্টোবর) বিকেলে ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।


কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ গেটে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আরাবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক।


এ ছাড়া বক্তব্য দেন ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপূর্ব লাল সেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, কৃষক দলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুল ইসলাম, তাঁতীদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লাকু এবং ওলামা দলের সাধারণ সম্পাদক মইনুদ্দিন চিশতিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে মিথ্যা অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।


বক্তারা আরও বলেন, রাজনৈতিক সংগঠনের অভ্যন্তরীণ মতপার্থক্য থাকলে তা দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। ব্যক্তিগত আক্রমণ, অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্য সংগঠনের ঐক্য এবং সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে।


তাঁরা দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


সমাবেশ থেকে নেতাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে দলীয় ঐক্য আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।


এমকে/বিএম২৪