কুড়িগ্রামে জেলা প্রশাসকের উদ্যোগে ৮৩৬ নারীকে শাড়ি বিতরণ
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজার আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর ৮৩৬ নারীর মধ্যে শাড়ি বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে এসব শাড়ি বিতরণ করা হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে কুড়িগ্রাম জেলা প্রশাসন এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী নারীদের হাতে শাড়ি তুলে দেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এদিন সদর উপজেলায় প্রথম পর্যায়ে ১৪৫ জন নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, শারদীয় দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। এ উৎসবের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষের মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই সরকারের এ উদ্যোগ। হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মতো প্রান্তিক জনগোষ্ঠীর মানুষও যেন উৎসবের আনন্দে শামিল হতে পারেন, তা নিশ্চিত করতে এ সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে জেলার অন্যান্য সুবিধাবঞ্চিত মানুষের কাছেও এ ধরনের সহায়তা পৌঁছে দেওয়া হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের নয়টি উপজেলায় এ কর্মসূচির আওতায় মোট ৮৩৬ জন প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে নেওয়া এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি জোরদার হবে বলে আশা করছে প্রশাসন।
শাড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বেনজির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
নতুন শাড়ি পেয়ে সুবিধাভোগী নারীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমকে/বিএম২৪









