কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দারাজের ডেলিভারিম্যান নিহত
সংগৃহীত
মো. শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রোমান (১৭) নামে দারাজের এক ডেলিভারিম্যান নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের কামারবাড়ী এলাকায় কালীগঞ্জ-টঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পার্সেল ডেলিভারি দিতে মোটরসাইকেল নিয়ে বের হন রোমান। দুপুরে ডেলিভারি শেষে ফেরার পথে কালীগঞ্জ-টঙ্গী সড়কের কামারবাড়ী এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাঁর মোটরসাইকেলের সামনে চলে আসে। এ সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশে বারেক মিয়ার মুদি দোকানের ভেতরে ঢুকে পড়েন। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রোমানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমকে/বিএম২৪









