আ.লীগের খোলস পাল্টে খোকন মাদবর এখন বিএনপির নেতা, মনোনয়ন পেতে পোস্টার; সমালোচনার ঝড়

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ এএম
আ.লীগের খোলস পাল্টে খোকন মাদবর এখন বিএনপির নেতা, মনোনয়ন পেতে পোস্টার; সমালোচনার ঝড়

সূত্রঃ সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পর এবার বিএনপির নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার জানে আলম খোকন মাদবর—এমন অভিযোগ উঠেছে। বিএনপির দলীয় মনোনয়ন পেতে তিনি পোস্টার সাঁটিয়েছেন বলেও দাবি করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।


শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল থেকে ফেসবুকে বিএনপির বিভিন্ন নেতাকর্মী পোস্ট দিয়ে খোকন মাদবরকে নিয়ে নানা মন্তব্য করেন। এ নিয়ে শরীয়তপুরজুড়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


জানে আলম খোকন মাদবর ডামুড্যা উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সিধলকুড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পরও এখন তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন এবং আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে পোস্টার সাঁটিয়েছেন।


তবে খোকন মাদবরের বিএনপিতে যোগদান কিংবা দলীয় মনোনয়ন প্রত্যাশার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এ বিষয়ে জানতে শনিবার রাত ৮টার দিকে জানে আলম খোকন মাদবরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে পোস্টার সাঁটানো এবং বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।