বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম
বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


দেশের চলমান বিভিন্ন সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।


তারেক রহমান বলেন, স্বৈরাচারী আমল ও পরবর্তী অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। দেশে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা রয়েছে—এ কথা সরকার কখনো অস্বীকার করেনি। বরং এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।


তিনি বলেন, এসব সমস্যাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি নানা উপায়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখবে এবং গণতান্ত্রিক নীতি ও নৈতিকতা সর্বোচ্চভাবে অনুসরণের চেষ্টা করবে।


তিনি বলেন, কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা নিয়ন্ত্রণে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। নির্বাচিত সরকার হিসেবে সরকার স্পষ্টভাবে বলতে চায়, প্রত্যেকেরই নিজ নিজ সীমার মধ্যে থাকা উচিত।


‘একটি দলের গুপ্তবেশ’


তারেক রহমান বলেন, স্বৈরাচারী আমলে একটি রাজনৈতিক দল ‘গুপ্তবেশ’ ধারণ করে স্বৈরাচারের ভেতরে লুকিয়ে ছিল। পরবর্তীতে ওই দলের নিজেদের লোকজনই বেরিয়ে এসে বিষয়টি স্বীকার করেছেন।


তিনি বলেন, বর্তমানে বেশ কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ যে স্বৈরাচারকে বিতাড়িত করেছে, তাদের আবারও অরাজকতা সৃষ্টির সুযোগ করে দেওয়া হচ্ছে।


প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী আমলে যারা আড়ালে লুকিয়ে ছিল, তারা এখন স্বৈরাচারের পক্ষে থেকে অরাজকতা উসকে দেওয়ার চেষ্টা করছে কি না, সেটিও ভেবে দেখতে হবে।


তিনি আরও বলেন, যদি এমনটি হয়ে থাকে, তাহলে বলতে হবে—যারা গুপ্তভাবে ছিল, তারা আবার সেই স্বৈরাচারকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে।


আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিহউল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।


এ ছাড়া যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর বিএনপি ও ছাত্রদলের নেতারাও বক্তব্য দেন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।