ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র‍্যাবের পরামর্শ

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র‍্যাবের পরামর্শ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ভাড়াটিয়ার পরিচয় ও তথ্য যাচাই করে বাসা ভাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সঙ্গে খালি প্লটে অপরাধীদের আশ্রয় দেওয়ার বিষয়ে প্লট মালিকদের সতর্ক করা হয়েছে।


শনিবার (৫ সেপ্টেম্বর) র‍্যাব-২ অধিনায়কের কার্যালয়ে স্থানীয় সুধীজন ও বিভিন্ন হাউজিং সোসাইটির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ‘টাউন হল মিটিং’য়ে এসব পরামর্শ দেওয়া হয়। সভায় মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন হাউজিং সোসাইটির ১৩ জন প্রতিনিধি এবং র‍্যাব-২-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন র‍্যাব-২ সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম।


সভায় হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিং এলাকায় অনেক প্লট মালিক খালি জায়গা ভাড়া দেন। সেখানে অনেক সময় ছাপড়া ঘর নির্মাণ করে শ্রমজীবী মানুষকে যাচাই-বাছাই ছাড়াই ভাড়া দেওয়া হয়। শ্রমজীবীর পরিচয়ের আড়ালে কিছু অপরাধী এসব স্থানে আশ্রয় নিয়ে এলাকায় অপরাধপ্রবণতা তৈরি করছে এবং মাদকের বিস্তার ঘটাচ্ছে।


তিনি বলেন, প্লট বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে অবশ্যই ভাড়াটিয়ার পরিচয় ও তথ্য যাচাই করতে হবে। পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্ধারিত ভাড়াটিয়া ফর্ম পূরণের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। অপরাধ নির্মূলে প্লট মালিক ও হাউজিং সোসাইটির সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।


র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, অনুমোদনহীনভাবে কোনো প্লটে বসবাসকারী ব্যক্তি অপরাধে জড়িয়ে পড়লে বা সেখানে অবৈধ কোনো পণ্য মজুত রাখলে শুধু ওই ব্যক্তির বিরুদ্ধেই নয়, প্লট বা ফ্ল্যাটের মালিকের ভূমিকাও আইনগতভাবে খতিয়ে দেখা হবে। তাই ভাড়াটিয়া নির্বাচনের ক্ষেত্রে মালিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।


হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, অপরাধমুক্ত মোহাম্মদপুর গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দা, প্লট মালিক, হাউজিং সোসাইটি ও জনপ্রতিনিধিদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।


এদিকে, অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিতে র‍্যাব-২-এর ০১৭৭৭৭১০২৯৯ নম্বরে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে সংস্থাটি। তথ্য প্রদানকারীর পরিচয় সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হবে।