আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে মারধর
সূত্রঃ সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের সখিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের চেষ্টা এবং এতে বাধা দেওয়ায় ৬০ বছর বয়সী এক নারীকে আমগাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুরুজ্জামান রাড়ী (৩৮), ছানাউল্যা রাড়ী (৬০), নুর ইসলাম রাড়ী (৪০) ও ওলিউল্যাহর বিরুদ্ধে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের রাড়ীকান্দি এলাকায়।
ভুক্তভোগীর স্বামী ওহাব রাড়ী জানান, জমি নিয়ে তাদের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় আদালতে মামলা হলে বিরোধপূর্ণ জমিতে কার্যক্রম বন্ধ রাখার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়।
তার অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অভিযুক্তরা ওই জমিতে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন। এ সময় তার স্ত্রী জোলেখা বাধা দিলে তাকে মারধর করা হয়।
ভুক্তভোগী জোলেখা বলেন, ‘দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে এবং আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে আমার জমিতে স্থাপনা নির্মাণ করতে আসলে বাড়িতে কেউ না থাকায় আমি বাধা দিই। এ সময় তারা আমাকে আমগাছের সঙ্গে বেঁধে মারধর করে গুরুতর আহত করে। আমার কানে থাকা স্বর্ণের দুল ও মাদুলিও নিয়ে যায়।’
অভিযোগের বিষয়ে নুরুজ্জামান বলেন, ‘নিষেধাজ্ঞা রয়েছে। স্থানীয়ভাবে আমাকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।’
স্থানীয় কয়েকজন জানান, স্থাপনা নির্মাণের সময় ওই বৃদ্ধা বাধা দিলে তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করেন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, ‘থানায় একটি অভিযোগ রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’









