বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের কষ্টের জন্য দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ ও জ্বালানি সংকটে দেশের মানুষের দুর্ভোগের জন্য দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া নানা সমস্যার মধ্যে জ্বালানি সংকট অন্যতম। তবে এসব সমস্যাকে অজুহাত হিসেবে না দেখিয়ে সংকট মোকাবিলায় সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর ভঙ্গুর অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগব্যবস্থাসহ নানা সমস্যা উত্তরাধিকারসূত্রে পেয়েছে। এর মধ্যে বর্তমানে দেশের বড় সমস্যাগুলোর একটি জ্বালানি সংকট। বিদ্যুৎ ও জ্বালানি সংকটে দেশের মানুষ কষ্ট পাচ্ছেন এবং সরকার বিষয়টি অস্বীকার করছে না।
তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। তাই সংকট মোকাবিলায় একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে পরিকল্পনা বাস্তবায়নে সময় প্রয়োজন। ভবিষ্যতে বিশ্বে নতুন কোনো সংকট তৈরি হলেও যাতে দেশের মানুষ জ্বালানি সংকটে না পড়েন, সে লক্ষ্যেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে থাকা সাধারণ মানুষ এবং শিল্প-কলকারখানার মালিকদের কাছে দলের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করছেন।
তিনি আরও বলেন, আগের সরকারের রেখে যাওয়া সমস্যাগুলোকে শুধু অজুহাত হিসেবে তুলে ধরতে চায় না বর্তমান সরকার। বরং বাস্তব পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরে সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে মানুষকে একই ধরনের দুর্ভোগে পড়তে না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিহউল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এ ছাড়া যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং ঢাকা মহানগর বিএনপির নেতারাও সভায় বক্তব্য দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা সভায় উপস্থিত ছিলেন।








