আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত দুই জুমচাষীর পাশে সেনাবাহিনী

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম
আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত দুই জুমচাষীর পাশে সেনাবাহিনী

সংগৃহীত

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি


বান্দরবানের আলীকদম উপজেলায় জুম চাষ করতে গিয়ে বন্য শুকরের আক্রমণে গুরুতর আহত দুই ম্রো জুমচাষীর চিকিৎসা ও আর্থিক সহায়তায় পাশে দাঁড়িয়েছে আলীকদম সেনা জোন।


মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) আলীকদম সেনা জোনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।


আহতরা হলেন উপজেলার কুরুকপাতা ইউনিয়নের বলাইপাড়া এলাকার মৃত মেনরাই মুরোর ছেলে নিয়াচং মুরো (নিরাচং মুরো) এবং চংরাই মুরোর ছেলে নুরিইক মুরো।


জানা যায়, গত ২১ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বলাইপাড়া এলাকায় জুমের কাজ করার সময় বন্য শুকরের আক্রমণের শিকার হন তাঁরা। ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।


বিষয়টি জানার পর মানবিক দৃষ্টিকোণ থেকে আহতদের সার্বিক খোঁজখবর নেওয়া শুরু করে আলীকদম সেনা জোন। সেনা জোনের উদ্যোগে চমেক হাসপাতালে তাঁদের দ্রুত ভর্তি ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে সেনা জোনের প্রতিনিধিরা চমেক হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. নাজিম ইকবালের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।


চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, উন্নত চিকিৎসা পাওয়ায় আহত দুজনের শারীরিক অবস্থার আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। তাঁরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। তবে তাঁদের মধ্যে একজনের হাতের হাড় ভেঙে যাওয়ায় (ফ্র্যাকচার) নিবিড় চিকিৎসা চলমান রয়েছে।


আলীকদম সেনা জোন জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র মানুষের যেকোনো বিপদে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।


এমকে/বিএম২৪