ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ৩ প্রতিষ্ঠানের জরিমানা, একটি কারখানা সিলগালা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ৩ প্রতিষ্ঠানের জরিমানা, একটি কারখানা সিলগালা

সংগৃহীত

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি


ফরিদপুরে বিএসটিআইয়ের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ড্রিংকিং ওয়াটার কারখানা সিলগালা করা হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন, বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।


অভিযানে উত্তর আলীপুর এলাকার হায়াত ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের সিএম লাইসেন্সের জন্য আবেদন না করা এবং মোবাইল কোর্টকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির কারখানা সিলগালা করা হয়।


একই এলাকার জমজম ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য বিক্রি ও বিতরণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ছাড়া সদর উপজেলার গুড়বাজার এলাকার রামচন্দ্র সাহাকে অস্বাস্থ্যকর পরিবেশে কলা সংরক্ষণ ও পাকানোর কার্যক্রম পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহবুব বিন বাছেদ। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. সাব্বির হোসেন পুলক।


জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এমকে/বিএম২৪