গাজীপুরে শ্রমিক বিক্ষোভ থেকে পুলিশ বক্সে হামলা, আসবাবপত্রে আগুন
সংগৃহীত
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভ চলাকালে নগরীর গাজীপুরা ২৭ নম্বর বাসস্টেশন এলাকায় একটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ভেতরের আসবাবপত্র বের করে সড়কে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে দুপুরে পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে কিছু বহিরাগত যোগ দেন। পরে বিক্ষোভকারীদের একাংশ গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর চালান। পুলিশ বক্সের ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র বাইরে এনে মহাসড়কের ওপর আগুন ধরিয়ে দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে সড়কে জ্বালানো আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে সেগুলোতে আগুন দেওয়া হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এমকে/বিএম২৪








