দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: ঢাকা বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম
দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: ঢাকা বিভাগীয় কমিশনার

সংগৃহীত

শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি


বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই সরকারের পাশাপাশি সবাইকে দেশকে আরও সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান মিঞা।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. সফিউল্লাহ, সিভিল সার্জন ডা. বুলবুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. কলিমুল্লাহ, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. রাশেদুল হক রিন্টু, জেলা কারাগারের জেল সুপার মো. তারেক কামাল এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফুলকাম বাদশা প্রমুখ।


এ ছাড়া সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি বলেন, নরসিংদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। অতীত কখনো ফিরে আসে না। বর্তমানকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশকে এগিয়ে নিতে পারলেই আমাদের শ্রম ও প্রচেষ্টা সার্থক হবে।


তিনি আরও বলেন, নরসিংদীর বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি নরসিংদী অফিসার্স ক্লাব উদ্বোধন করেন। পরে তিনি ক্লাব প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।


এমকে/বিএম২৪