আমতলীতে বাসের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত
সংগৃহীত
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহমাদুল্লাহ (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আহমাদুল্লাহ আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের খবির তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইতালি পরিবহনের একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আহমাদুল্লাহকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পটুয়াখালী থানা পুলিশ।
এমকে/বিএম২৪









