শিক্ষার্থীরা ইংরেজিতে দক্ষ না হলে বেতন বন্ধ হবে শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক:
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়া এবং গণিতের মৌলিক চারটি নিয়ম (যোগ, বিয়োগ, গুণ ও ভাগ) শেখাতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
সম্প্রতি দেশের সব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ লক্ষ্য নির্ধারণ করেন মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন। তার নির্দেশনার পর ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী জুন মাসের মধ্যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি রিডিং দক্ষতা ৯০ শতাংশে উন্নীত করতে হবে এবং জুলাই মাসের মধ্যে তা ১০০ শতাংশে নিতে হবে।
শ্রেণিভিত্তিক লক্ষ্য অনুযায়ী, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিতের চার নিয়ম (যোগ, বিয়োগ, গুণ ও ভাগ) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি সাবলীলভাবে পড়ার দক্ষতা অর্জন নিশ্চিত করতে বলা হয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের প্রতিদিন বাংলা ও ইংরেজি বই থেকে অন্তত পাঁচ পৃষ্ঠা জোরে জোরে পড়ে শোনানোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে গণিতের মৌলিক দক্ষতা অর্জনে জোর দিতে বলা হয়েছে।
জেলা পর্যায় থেকে পাঠানো চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়কে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের জন্য একটি পরিকল্পনা তৈরি করে ১০ মে’র মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন বলেন, সচিবের নির্দেশনা অনুযায়ী চিঠি দেওয়া হয়েছে এবং অন্যান্য জেলাতেও একই ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে।
মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি রিডিং দক্ষতা নিশ্চিত করা জরুরি, তা না হলে সরকারের শিক্ষা লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।









