অবৈধভাবে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা,যন্ত্রপাতি জব্দ
সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে অবৈধভাবে ড্রেজিং পদ্ধতিতে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে আব্দুল জলিল কোম্পানি নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী অবৈধভাবে ড্রেজিং পদ্ধতিতে মাটি কাটার অপরাধে আব্দুল জলিলকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি স্যালু মেশিন, ২টি পাম্প, ২টি চেসিস, ২৩টি ড্রাম এবং ৮০ ফুট পিভিসি পাইপ জব্দ করা হয়।
সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিল উদ্দিন বলেন, “পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”









