নগরীতে ট্যাপেন্টাডলসহ সাকিব নামের মাদক কারবারি গ্রেপ্তার, অটোরিকশা জব্দ
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাকিব নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দুপুরে কাটাখালী থানার কুখন্ডী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাকিব হোসেন নগরীর কাটাখালী থানার কুখন্ডী মুন্নাপাড়া গ্রামের আলম তালুকদারের ছেলে। পলাতক আসামি মো. রব্বানী (৩২) একই এলাকার শেখপাড়া গ্রামের জমসেদ আলীর ছেলে। এসময় তার কাছে থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন আরএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: গাজিউর রহমান (পিপিএম)।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাকিব হোসেনের দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়। তবে অভিযানের সময় রব্বানী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কাদেরী বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামি রব্বানীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









