মসজিদ উন্নয়নে পাশে থাকবে রাসিক, দুই কমিটির সঙ্গে প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১১:০৯ পিএম
মসজিদ উন্নয়নে পাশে থাকবে রাসিক, দুই কমিটির সঙ্গে প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন আহম্মদপুর বায়তুল মামুর জামে মসজিদ ও কোর্ট স্টেশন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে মতবিনিময় হয় এবং সহযোগিতার আশ্বাস দেন রাসিক প্রশাসক।

রোববার (১৯ জুলাই) বিকেলে নগর ভবনে আহম্মদপুর বায়তুল মামুর জামে মসজিদ কমিটির নেতারা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা মসজিদের চলমান উন্নয়ন কার্যক্রমে রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতা কামনা করেন।

রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন মসজিদ কমিটির নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং মসজিদের উন্নয়নসহ প্রয়োজনীয় বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে দেশ, জাতি ও নগরবাসীর কল্যাণ, রাজশাহী সিটি করপোরেশনের সার্বিক উন্নয়ন এবং প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় আহম্মদপুর বায়তুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতি মো. আশরাফ জামাল আব্বু, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

একই দিন সন্ধ্যায় কোর্ট স্টেশন জামে মসজিদ কমিটির সদস্যরাও রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মসজিদ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে কোর্ট স্টেশন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাবু, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম বাবলুসহ অন্যান্য সদস্য এবং রাজশাহী সিটি করপোরেশনের বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।