প্লাস্টিকের বিনিময়ে গাছ, পরিবেশ রক্ষায় পাবিপ্রবির শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ
পাবনা প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পরিবেশভিত্তিক সংগঠন গ্রীন ভয়েস। ‘প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ’ শীর্ষক এ কর্মসূচির মাধ্যমে ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এলিভেটর এক্সপ্রেসের নিচে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক, গ্রীন ভয়েসের সাধারণ সম্পাদক সামিয়া তাবাসসুম জিমি, সংগঠনের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা নির্দিষ্ট পরিমাণ ব্যবহৃত প্লাস্টিক জমা দিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহ করতে পারবেন। এতে একদিকে যেমন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং টেকসই জীবনযাপনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করবে এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









