মোরেলগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুর ১২টায় মোরেলগঞ্জ উপজেলা ডাকবাংলো চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই ডাকবাংলো ভবন নির্মিত হলে সরকারি কর্মকর্তা, অতিথি ও বিভিন্ন পর্যায়ের দর্শনার্থীদের জন্য উন্নত আবাসন সুবিধা নিশ্চিত হবে। পাশাপাশি এটি উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা সোমনাথ দে, জেলা বিএনপির নেতা ফকির তরিকুল ইসলাম, অ্যাডভোকেট ফারহানা জামান নিপা, ওহিদুজ্জামান পল্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে প্রধান অতিথি ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন '৯০-এর ছাত্র ফোরাম'-এর উদ্যোগে ডাকবাংলো চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।









