এসএসসির ফলাফলে কক্সবাজার জেলায় প্রথম শিক্ষক দম্পতির কন্যা নওরিন

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৭:১৫ পিএম
এসএসসির ফলাফলে কক্সবাজার জেলায় প্রথম শিক্ষক দম্পতির কন্যা নওরিন

সূত্রঃ সংগৃহীত

নুরুল আমিন হেলালী, কক্সবাজার



সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফলে মোট ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে ১ হাজার ২৫১ নম্বর পেয়ে কক্সবাজার জেলায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাবিহা নওরিন।

অদম্য মেধাবী নাবিহা নওরিন শুকমনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের বাসিন্দা মুনির উদ্দিন আহমদ ও মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহিদা আক্তার দম্পতির কন্যা।

নাবিহার বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ইমাম হোসেন বলেন, শিক্ষাজীবনের শুরু থেকেই নাবিহা অত্যন্ত মেধাবী। সে ধারাবাহিকভাবে কৃতিত্বপূর্ণ ফলাফল করে আসছে। কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘ফার্স্ট গার্ল’ হিসেবেও তার সুনাম রয়েছে।

নানা প্রতিকূলতার মধ্যেও এবারের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল করে নাবিহা কক্সবাজার জেলায় তাক লাগিয়ে দিয়েছে।

নাবিহার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আগামী দিনের পথচলার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার গর্বিত বাবা-মা।

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম নাবিহা নওরিনের মামা।

নিজের এই কৃতিত্বের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বাবা-মা ও আত্মীয়স্বজনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে নাবিহা নওরিন। ভবিষ্যৎ পথচলায় সবার দোয়া কামনা করেছে সে।



এমকে/বিএম২৪