নীলফামারী-তে চার আসনেই জামায়াতের জয়
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি-র প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতভর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, জেলার চারটি আসনেই জামায়াত প্রার্থীরা স্বাচ্ছন্দ্য ব্যবধানে জয়লাভ করেছেন। সংশ্লিষ্ট আসনগুলোতে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটের প্রার্থীরা।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা)
১৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৬০ ভোট। উল্লেখযোগ্য ব্যবধানে জয় নিশ্চিত করেন আব্দুস সাত্তার।
নীলফামারী-২ (সদর):
১৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে জামায়াত প্রার্থী আলফারুক আব্দুল লতিফ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২০২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৭৯ ভোট। প্রায় সাড়ে ১০ হাজার ভোটের ব্যবধানে জয় পান লতিফ।
নীলফামারী-৩ (জলঢাকা):
১০৫টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে জামায়াত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৫৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সৈয়দ আলী পেয়েছেন ৮৯ হাজার ১০২ ভোট। এ আসনেও স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকেন জামায়াত প্রার্থী।
নীলফামারী-৪: (সৈয়দপুর-কিশোরগঞ্জ)
১৬৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে জামায়াত প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকার পেয়েছেন ৮১ হাজার ৫২৬ ভোট। প্রায় ৪৩ হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন মুনতাকিম।
সার্বিক চিত্র:
জেলার চারটি আসনেই জয় পাওয়ায় নীলফামারীতে শক্ত অবস্থান তৈরি করেছে জামায়াতে ইসলামী। নির্বাচন ঘিরে দিনভর ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
চার আসনের পূর্ণাঙ্গ ফলাফল গেজেট আকারে প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বা/মে২৪/ম









