ধানমন্ডি ৩২-এ ‘জয় বাংলা’ স্লোগান, তিনজনকে মারধর; আটক ২

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০১:৩৪ পিএম
ধানমন্ডি ৩২-এ ‘জয় বাংলা’ স্লোগান, তিনজনকে মারধর; আটক ২

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া, মোবাইলে ভিডিও ধারণ ও সিঙারা বিতরণের অভিযোগে তিনজনকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।


শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের প্রবেশমুখে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, আ ন ম আয়াসের নেতৃত্বে একদল ব্যক্তি নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে সেখানে অবস্থান করছিলেন। আয়াস নিজেকে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব হিসেবে পরিচয় দেন।


সকাল পৌনে ১২টার দিকে এক রিকশাচালক মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। আয়াস তাঁর ফোন পরীক্ষা করে ভিডিওটি যুবলীগের এক সদস্যকে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন। এরপর তাঁর সঙ্গে থাকা কয়েকজন রিকশাচালককে মারধর করেন। পরে পুলিশ এসে তাঁকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।


এর আগে সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা অর্ণব দাস নামে আরেক ব্যক্তিকে আটক করে পুলিশ। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, অর্ণবের বাড়ি টাঙ্গাইলে। তিনি নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


রিকশাচালককে মারধরের সময় সেখানে থাকা আরেক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিলে তাঁকেও মারধর করা হয়। পরে তিনি দৌড়ে পালিয়ে যান। দুপুরের দিকে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিঙারা বিতরণের অভিযোগে আরেক ব্যক্তিকে মারধর করা হয়। তাঁর হাতে থাকা ব্যাগে সিঙারা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে তিনিও ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


আ ন ম আয়াস সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারেন, সে জন্য তাঁরা সেখানে অবস্থান করছেন। কাউকে সন্দেহ হলে পুলিশে তুলে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।


মারধরের মাধ্যমে ‘মব’ তৈরি করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে আয়াস বলেন, তাঁরা মব তৈরি করছেন না; আওয়ামী লীগ ও যুবলীগের কাউকে পেলে আটক করে পুলিশের কাছে সোপর্দ করছেন।


এদিকে, ধানমন্ডি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


ভোর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের সড়কে পুলিশের ব্যারিকেড বসানো হয়। বাড়িটির সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পথচারীদেরও ওই সড়ক দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। ঘটনাস্থলে গণমাধ্যমকর্মী, উৎসুক মানুষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।




এমকে/বিএম২৪