নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন ভবন চালু হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজারে।
শনিবার সকাল ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ১৫ তলা ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাসপাতাল চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ায় স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত হবে। তাঁদের দাবি, দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।
২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাসেবা শুরু হয়। রোগীর চাপ বাড়ায় পরে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার ১৫ তলা নতুন ভবনের মাধ্যমে আরও ৫০০ শয্যা যোগ হলো।
ফলে বর্তমানে হাসপাতালটিতে এক হাজার শয্যায় স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
এমকে/বিএম২৪









