দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকটে নাভিশ্বাস: নূরুল ইসলাম বুলবুল

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১১:০৯ এএম
দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকটে নাভিশ্বাস: নূরুল ইসলাম বুলবুল

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।


বুধবার (১৯ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল এবং গণভোটের গণরায় বাস্তবায়নের পাশাপাশি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।


নূরুল ইসলাম বুলবুল বলেন, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়েই চলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে গ্যাস ও বিদ্যুতের সংকট। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অথচ এসব সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে নানা ধরনের বক্তব্য দিচ্ছে।


তিনি বলেন, বিদ্যুৎ সংকটের কারণ হিসেবে সরকারের কোনো কোনো মন্ত্রীর দেওয়া বক্তব্য জনগণের সঙ্গে তামাশার শামিল। এসব বক্তব্য সংকটের প্রকৃত কারণ ও সমাধানের বদলে মানুষের ভোগান্তিকে আরও বাড়িয়ে তুলছে।


জামায়াতের এই নেতা আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার বিষয়টি এড়িয়ে যেতে চাইছে। একইভাবে গ্যাস-বিদ্যুৎ সংকটসহ বিদ্যমান জনদুর্ভোগকে আগের সরকারের ১৭ বছরের জঞ্জাল হিসেবে তুলে ধরে বর্তমান সরকারের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর স্বল্পমেয়াদি বা দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা দৃশ্যমান নয়।


তিনি অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের ঘাটতি পূরণ করে সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি জনগণের দাবি আদায়ে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।


নূরুল ইসলাম বুলবুল বলেন, সরকার যদি গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন এবং জনগণের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে বিরোধী দল সরকারকে সহযোগিতা করবে। তবে এসব দাবি উপেক্ষা করে সরকার আওয়ামী ফ্যাসিবাদের পথ অনুসরণ করলে জনগণের দাবি আদায়ের আন্দোলন রাজপথেই হবে।


আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করতে জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীদের সার্বিক প্রস্তুতি নিয়ে মাঠে থাকার আহ্বান জানান তিনি।


প্রস্তুতি সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন এমপি, ড. আব্দুল মান্নান, সৈয়দ জয়নুল আবেদীনসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।




এমকে/বিএম২৪