ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় প্রেসক্লাব কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশেই অবস্থিত 'প্রেসক্লাব মহেশপুর' কার্যালয়ে এই হামলা চালানো হয়।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রেসক্লাব সূত্রে জানা যায়, রাতে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। দুর্বৃত্তরা অফিস কক্ষের আসবাবপত্র তছনছ করে এবং আলমারি ও ড্রয়ার ভেঙে একটি ল্যাপটপ, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। হামলার সময় কার্যালয়ে কেউ উপস্থিত ছিলেন না। ঘটনার কিছু সময় পর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দকে খবর দেন। পরে মহেশপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকরা সেখানে গিয়ে ভাঙচুরের তাণ্ডব দেখতে পান। সেসময় কার্যালয়ের দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
এবিষয়ে প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বলেন, "সাংবাদিকদের সংগঠনের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এটি শুধু একটি প্রতিষ্ঠানে হামলা নয়, বরং স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত।"
সেসময় নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও তাঁরা উল্লেখ করেন।
বা/মে২৪/ম









