এ সরকার বিএনপির সরকার নয়, হাসিনার সরকার: অলি আহমেদ
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এলডিপির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাস্তানি বন্ধের আশঙ্কায় বিএনপির কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তিনি দাবি করেন, বর্তমান সরকার বিএনপির সরকার নয়, বরং শেখ হাসিনার সরকার।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
অলি আহমেদ বলেন, বিএনপির কর্মীদের মধ্যে বর্তমানে কান্নার রোল পড়ে গেছে। ক্ষমতা চলে গেলে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাস্তানি বন্ধ হয়ে যাবে—এমন আশঙ্কা থেকেই তাদের এই পরিস্থিতি বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘তারেকের যে সরকার, এটা বিএনপির সরকার না, এটা হলো হাসিনার সরকার। তারেককেও সাবধান হতে হবে, দেশবাসীকেও সাবধান হতে হবে।’
লং মার্চের উদ্দেশ্য সম্পর্কে অলি আহমেদ বলেন, দেশকে সঠিক পথে আনার জন্যই তারা এই কর্মসূচি পালন করছেন। এতে কোনো ক্ষমতার লোভ বা ব্যক্তিগত স্বার্থ নেই বলেও দাবি করেন তিনি।
তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী লিখল, সেদিকে গুরুত্ব না দিয়ে লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় কাজ করতে হবে।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। তা বাস্তবায়নে ব্যর্থ হলে ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হতে হবে বলে তিনি সরকারকে সতর্ক করেন।
মামুনুল হক বলেন, বর্তমান সরকারকে সতর্ক করতেই তারা আন্দোলনের দ্বিতীয় পর্ব শুরু করেছেন। তিনি দাবি করেন, ১১ দল দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং কর্মসূচিতে জনদুর্ভোগ কমানোর বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ১১ দলের আন্দোলন শান্তিপূর্ণ ও গণসম্পৃক্ত হবে। জনগণের দাবি আদায়ে বিএনপি ব্যর্থ হলে তাদের রাজনৈতিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার যে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে, তা জনগণের সামনে তুলে ধরতেই তারা লং মার্চ করছেন।
এদিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম দাবি করেন, সাত মাসের মধ্যেই বিএনপি সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকার জুলাই সনদের সঙ্গে প্রতারণা করেছে এবং ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করছে বলেও অভিযোগ করেন তিনি।
এমকে/বিএম২৪









