২৩ বছর পর নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন, সভাপতি আপেল সম্পাদক মুকুল

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম
২৩ বছর পর নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন, সভাপতি আপেল সম্পাদক মুকুল

সূত্রঃ সংগৃহীত

জুয়েল রানা, নোয়াখালী প্রতিনিধি:


দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল এবং সাধারণ সম্পাদক পদে মোনিরুল ইসলাম মুকুল নির্বাচিত হয়েছেন।


শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নোয়াখালীর ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই ভোটকেন্দ্রে ব্যবসায়ী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোনো ধরনের বাধা-বিপত্তি, অপ্রীতিকর ঘটনা কিংবা অনিয়মের অভিযোগ ছাড়াই ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।


নির্বাচনের ফলাফলে সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল ৮৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম পেয়েছেন ৭৩৩ ভোট।


সাধারণ সম্পাদক পদে মোনিরুল ইসলাম মুকুল ১ হাজার ১৬৬ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম রায়হান পেয়েছেন ৪২০ ভোট।


এছাড়া সহ-সভাপতি পদে হারুন নূর রশিদ খান ‘টিয়া পাখি’ প্রতীকে ৬৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর সহ-সভাপতি পদে মোয়াজ্জেম হোসেন ‘হেলিকপ্টার’ প্রতীকে ৬০৫ ভোট পেয়ে বিজয়ী হন।


সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান ‘আপেল’ প্রতীকে ৮১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নোয়াখালী পৌর বণিক সমিতির মোট ১৯টি পদের মধ্যে ১১টি পদে আব্দুল মোতালেব আপেল ও সিরাজুল ইসলাম রায়হান পরিষদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


এমকে/বিএম২৪