চালুর প্রথম দিনেই পিংক বাসে বলাকার ধাক্কা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম
চালুর প্রথম দিনেই পিংক বাসে বলাকার ধাক্কা

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানী ঢাকায় যাত্রা শুরুর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পড়েছে নারীদের জন্য চালু করা বিশেষ ‘পিংক বাস’। মঙ্গলবার (১৮ আগস্ট) বনানীর নতুন বিমানবন্দর সড়কে বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে পিংক বাসের ধাক্কা লাগে।


ঘটনার পর এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বনানী এলাকায় পৌঁছানোর পর পিংক বাসটির সঙ্গে বলাকা পরিবহনের বাসের সংঘর্ষ হয়। পরে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনগত ব্যবস্থা হিসেবে বলাকা পরিবহনের বাসটিকে জরিমানা করে।


নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ তিন জেলায় বিশেষ এই বাসসেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।


বিআরটিসি জানিয়েছে, নারী চালক দ্বারা পরিচালিত নারীবান্ধব পরিবহনব্যবস্থা চালু করা সরকারের অঙ্গীকারের অংশ। এর আওতায় মোট ১৪টি বাস দিয়ে ‘পিংক বাস’ সেবা শুরু হয়েছে। এর মধ্যে ঢাকার ১০টি রুটে ১০টি, চট্টগ্রামের দুটি রুটে দুটি এবং বগুড়ার দুটি রুটে দুটি বাস চলবে। ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা ও নয়টি দ্বিতল বাস রয়েছে।



এমকে/বিএম২৪