সাংবাদিকদের আর্থিক লড়াই
সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তারা প্রতিদিন খবর সংগ্রহ করেন, মানুষের সমস্যা তুলে ধরেন এবং সত্যকে সবার সামনে আনেন। তাদের কাজের মাধ্যমে আমরা দেশ ও বিশ্বের নানা ঘটনা সম্পর্কে জানতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো, যারা আমাদের এত কিছু জানায়, তাদের অনেকেই নিজের জীবনে আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করেন।
বাংলাদেশে অনেক সাংবাদিক, বিশেষ করে জেলা বা স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা, নিয়মিত বেতন পান না। অনেক সময় তাদের বেতন কম হয় বা মাসের পর মাস বকেয়া থাকে। এতে করে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ে। বাড়িভাড়া, খাবার, চিকিৎসা কিংবা সন্তানদের পড়াশোনার খরচ মেটাতে তারা হিমশিম খান।
অনলাইন ও ছোট মিডিয়ায় কাজ করা সাংবাদিকদের অবস্থা আরও কঠিন। অনেকেই নির্দিষ্ট কোনো বেতন পান না। তারা খবর প্রকাশের ওপর ভিত্তি করে কিছু টাকা পান, যা সবসময় যথেষ্ট হয় না। ফলে তাদের সবসময় অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়।
জাগো নিউজের সাংবাদিক আজিজুর রহমান বলেছেন,
সাংবাদিকতা একটি মহান পেশা এটি সমাজের দর্পণ। যেখানে সত্য বাস্তবতা ও জনমানুষের কণ্ঠ প্রতিফলিত হয়। একজন সাংবাদিক প্রতিদিন নিরলসভাবে পথে-প্রান্তরে ঘুরে তথ্য সংগ্রহ করেন, ঝুঁকি নেন, নানা প্রতিকূলতার মুখোমুখি হন। শুধুমাত্র মানুষের সামনে সত্য তুলে ধরার জন্য। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, বাংলাদেশে অনেক সাংবাদিকই তাদের শ্রমের যথাযথ মূল্য পান না। নিয়মিত বেতন-ভাতা না পাওয়া, অনির্দিষ্ট চুক্তিভিত্তিক কাজ এবং চাকরির নিরাপত্তাহীনতা এসব সমস্যা তাদের জীবনকে করে তুলছে অনিশ্চিত ও চাপে ভরা।
বিশেষ করে মফস্বল ও ক্যাম্পাস সাংবাদিকদের অবস্থা আরও নাজুক। তারা একদিকে একাডেমিক চাপ সামলান, অন্যদিকে প্রশাসন ও রাজনৈতিক প্রভাব মোকাবিলা করে দায়িত্ব পালন করেন। অনেক ক্ষেত্রে তারা কোনো সম্মানী ছাড়াই কাজ করতে বাধ্য হন, কিংবা দীর্ঘদিন পরেও তাদের প্রাপ্য পারিশ্রমিক পান না। এই বাস্তবতা শুধু হতাশাজনকই নয়, বরং এটি ভবিষ্যৎ সাংবাদিকদের জন্য নিরুৎসাহব্যঞ্জক।
একজন সাংবাদিক যখন আর্থিকভাবে স্থিতিশীল থাকেন না, তখন তা তার মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। যা শেষ পর্যন্ত তার পেশাগত কাজের মানকেও প্রভাবিত করে।
সাংবাদিকতা পেশা শুধু কষ্টকরই নয়, অনেক সময় ঝুঁকিপূর্ণও। মাঠে কাজ করতে গিয়ে তারা দুর্ঘটনা, হুমকি বা মানসিক চাপে পড়েন। কিন্তু এত কষ্ট ও ঝুঁকির পরও তারা যে পারিশ্রমিক পান, তা অনেক ক্ষেত্রে খুবই কম।
এই সমস্যার পেছনে কিছু কারণ আছে। অনেক মিডিয়া প্রতিষ্ঠান আর্থিক সংকটে থাকে এবং বিজ্ঞাপনের ওপর নির্ভর করে চলে। আবার কোথাও কোথাও সঠিক নিয়ম-কানুন বা বেতন কাঠামো নেই। ফলে সাংবাদিকদের কাজের সঠিক মূল্যায়ন হয় না।
তবে এই অবস্থা বদলানো দরকার। সাংবাদিকদের ন্যায্য বেতন দেওয়া এবং তাদের কাজের মূল্যায়ন করা খুবই গুরুত্বপূর্ণ। সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যদি এ বিষয়ে নজর দেয়, তাহলে সাংবাদিকদের জীবন কিছুটা সহজ হতে পারে।
সবশেষে বলা যায়, সাংবাদিকরা সমাজের জন্য গুরুত্বপূর্ণ কাজ করেন। তাই তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা শুধু তাদের জন্যই নয়, পুরো সমাজের জন্যই প্রয়োজন।
লেখা:
মাসরিকুল হাসান সোহেল
শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।








